
ইতালির ভেনিস সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৬-এ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশি বংশোদ্ভূত কয়েকজন প্রার্থী। তাদের মধ্যে কুমিল্লার তিন প্রবাসী সন্তানও রয়েছেন।
জানা গেছে, আসন্ন নির্বাচনে বিভিন্ন মূলধারার রাজনৈতিক দল থেকে মনোনয়ন নিয়ে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীরা অংশ নিচ্ছেন। তারা স্থানীয় পর্যায়ে প্রবাসীদের অধিকার ও বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
প্রার্থী তালিকায় রয়েছেন কুমিল্লার মুরাদনগর উপজেলার বাংগরা এলাকার বাসিন্দা আর্কিটেক্ট নেমাল চৌধুরী। তিনি দীর্ঘদিন ধরে ভেনিসে বসবাস করছেন এবং তুত্তা লা চিত্তা ইনসিয়েমে দলের হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।
এছাড়া কুমিল্লার হোমনা উপজেলার সন্তান মনোয়ার ক্লার্কও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি প্রায় ২৩ বছর ধরে ভেনিসে বসবাস করছেন এবং ভেনেজিয়া এ তোয়া দলের হয়ে প্রার্থী হয়েছেন। এর আগে ২০২০ সালের নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি।
অন্যদিকে, কুমিল্লার দাউদকান্দি উপজেলার সন্তান নুরে আলমও মিউনিসিপ্যাল কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি পিডি (PD) দলের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভেনিসে প্রায় ২০ হাজার বাংলাদেশির বসবাস রয়েছে। ফলে প্রবাসী বাংলাদেশিদের রাজনৈতিক অংশগ্রহণ ইতালির স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আগামী ২৪ ও ২৫ মে অনুষ্ঠিতব্য নির্বাচনে এই প্রার্থীদের ফলাফল নিয়ে ভেনিসে বসবাসরত কুমিল্লাবাসীদের মধ্যে আগ্রহ দেখা দিয়েছে।








