সোমবার ২৫ মে, ২০২৬

ইউনিয়ন পরিষদে অননুমোদিত ব্যক্তির মাধ্যমে জন্ম-মৃত্যু নিবন্ধন বন্ধে কঠোর নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - birth and death registration
ছবি: সংগৃহীত

ইউনিয়ন পরিষদগুলোতে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অননুমোদিত ব্যক্তির সম্পৃক্ততা বন্ধে কঠোর নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার বিভাগের অধীন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়।

শনিবার (২৪ মে) জন্ম ও মৃত্যু নিবন্ধন কর্তৃপক্ষ থেকে জারি করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নিবন্ধন সহকারী হিসেবে দায়িত্ব পালন করতে না পারলে অথবা অতিরিক্ত দায়িত্বে একাধিক ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত থাকলে হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরকে দায়িত্ব দিতে হবে। জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ এবং সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী নির্ধারিত কর্মকর্তাকেই এ কার্যক্রম পরিচালনা করতে হবে।

এছাড়া জন্ম ও মৃত্যু নিবন্ধন সিস্টেমে প্রবেশের জন্য দেয়া User ID ও Password শুধুমাত্র অনুমোদিত ব্যক্তির কাছেই সীমাবদ্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

অফিস আদেশে উল্লেখ করা হয়, অনেক ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা কম্পিউটার ব্যবহারে অদক্ষ হওয়া কিংবা একাধিক ইউনিয়নে অতিরিক্ত দায়িত্ব পালন করার কারণে নিজেদের User ID ব্যবহার না করে অননুমোদিত ব্যক্তিদের হাতে দায়িত্ব দিয়ে থাকেন। এতে নিবন্ধন ব্যবস্থার নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে এবং জনভোগান্তি তৈরি হচ্ছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রশাসনিক কর্মকর্তা দায়িত্ব পালন করতে না পারলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরকে অনুমোদিত ব্যবহারকারী হিসেবে দায়িত্ব দেয়া যাবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির নামে পৃথক User ID ও Password প্রদান করা হবে।

কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, কোনো অবস্থাতেই অননুমোদিত ব্যক্তির কাছে User ID ও Password হস্তান্তর করা যাবে না। এ ধরনের কাজ ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে বলেও সতর্ক করা হয়েছে।

সরকারি নির্দেশনায় বলা হয়, জন্ম ও মৃত্যু নিবন্ধনের তথ্য জাতীয় পরিচয়পত্র, নাগরিক সনদসহ বিভিন্ন সরকারি সেবার সঙ্গে সরাসরি সম্পর্কিত। ফলে অননুমোদিত কারও হাতে সিস্টেমের প্রবেশাধিকার গেলে তথ্য বিকৃতি, জালিয়াতি এবং নাগরিক হয়রানির ঝুঁকি তৈরি হতে পারে।

আরও পড়ুন