
চলতি ২০২৬-২৭ অর্থবছরের আমন মৌসুমে কৃষকদের কাছ থেকে ৩ লাখ মেট্রিক টন ধান এবং ৫ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সব মিলিয়ে এবার সাড়ে ৮ লাখ মেট্রিক টন খাদ্যশস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ধান ও চালের সংগ্রহমূল্যও ঘোষণা করেছে সরকার।
নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, প্রতি কেজি ধান ৩৫ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা দরে কেনা হবে। সংগ্রহের লক্ষ্যমাত্রার মধ্যে রয়েছে ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল ও ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল।
রোববার (৮ নভেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা এসব তথ্য জানান।
খাদ্যমন্ত্রী জানান, আগামী ২৪ নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ শুরু হবে। এ কার্যক্রম চলবে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। অন্যদিকে, চাল সংগ্রহ শুরু হবে আগামী ১ ডিসেম্বর থেকে। চাল সংগ্রহ কার্যক্রমও একই দিন, অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি শেষ হবে।
এর আগে গত আমন মৌসুমে সরকার প্রতি কেজি সিদ্ধ চাল ৫০ টাকা, আতপ চাল ৪৯ টাকা এবং ধান ৩৪ টাকা দরে সংগ্রহ করেছিল। ওই মৌসুমে ১ লাখ ৫৩ হাজার মেট্রিক টন ধান এবং ৯ লাখ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়। তুলনামূলকভাবে এবার ধানের দাম কেজিতে এক টাকা বাড়ানো হলেও সিদ্ধ ও আতপ চালের দাম যথাক্রমে এক টাকা কমানো হয়েছে।
সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী বলেন, খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় দেশের সামগ্রিক খাদ্য পরিস্থিতি, আমন মৌসুমের সংগ্রহ কার্যক্রম, সরকারি খাদ্যশস্যের মজুত, বিতরণব্যবস্থা এবং খাদ্যশস্য আমদানির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচনি ইশতেহার ২০২৬-এর প্রতিশ্রুতি বাস্তবায়নে বর্তমান সরকার বৈষম্যহীন অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এবং টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জনের লক্ষ্যে কৃষককেন্দ্রিক আধুনিক কৃষিব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে। ক্ষুধা ও দারিদ্র্য দূরীকরণের পাশাপাশি দেশের খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করাও সরকারের অন্যতম লক্ষ্য।
খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করাকেই এবারের আমন মৌসুমের খাদ্যশস্য সংগ্রহ অভিযানের প্রধান লক্ষ্য হিসেবে বিবেচনা করা হয়েছে।









