
সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশির প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দুর্ঘটনায় আহত ছয় বাংলাদেশির দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি। এ কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে বাংলাদেশ সরকার রয়েছে বলেও আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী।
রোববার (৮ নভেম্বর) দেওয়া এক শোকবার্তায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এ তথ্য জানিয়েছেন।
শোকবার্তায় তারেক রহমান বলেন, গত ৭ নভেম্বর সৌদি আরবে সংঘটিত এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নাগরিক নিহত এবং ছয়জন আহত হওয়ার ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত।
প্রধানমন্ত্রী নিহত ব্যক্তিদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। পাশাপাশি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন তিনি।
দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে প্রধানমন্ত্রী বলেন, এই কঠিন সময়ে বাংলাদেশ সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রয়েছে।
তিনি আরও জানান, সৌদি আরবে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও কনস্যুলেটের মাধ্যমে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার এবং আহত ব্যক্তিদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখা হবে।








