
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাইকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফয়সাল (৩৫) গোয়ালগাঁও গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে। অভিযুক্ত মোর্শেদ (৪০) তার আপন বড় ভাই।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত মোর্শেদের স্ত্রী স্থানীয় একটি কারখানায় চাকরি করেন। বুধবার দিবাগত রাতে নাইট শিফটে কাজ শেষে বৃহস্পতিবার সকালে বাড়ি ফিরে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় বাড়ির পাশে শিশুদের হৈচৈ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
এক পর্যায়ে সকালে তাদের মধ্যে বাগবিতণ্ডা হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে দুপুরে বাড়িতে ফিরে পুনরায় দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে তা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, এ সময় মোর্শেদ ঘর থেকে একটি দা এনে ছোট ভাই ফয়সালকে আঘাত করেন।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ফয়সালকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে। পরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় বিকেল সাড়ে ৩টার দিকে স্থানীয় সুয়াগাজী বাজার এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত মোর্শেদকে আটক করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।









