
চলতি বছরের পবিত্র হজ পালন শেষে ৪১৯ জন হজযাত্রীকে নিয়ে দেশে পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হলো বাংলাদেশি হাজিদের দেশে ফেরার কার্যক্রম।
শনিবার (৩০ মে) সকাল সাড়ে ১০টার দিকে সৌদিয়া এয়ারলাইন্সের এসভি-৫৮০৬ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, সৌদি আরবের স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। হজ পালন শেষে দেশে ফেরত আসা যাত্রীদের মধ্যে ছিল নানা বয়সী নারী-পুরুষ।
ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা যায়, প্রথম দিনে মোট ১৩টি ফ্লাইটে ৫ হাজার ৪৩৪ জন হাজি দেশে ফিরবেন। তাদের অভ্যর্থনা জানাতে বিমানবন্দর ও ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
এর আগে গত ১৭ এপ্রিল রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চলতি বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করা হয়। বাংলাদেশ থেকে হজযাত্রী বহনকারী শেষ ফ্লাইটটি গত ২১ মে সৌদি আরবে পৌঁছায়।
হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ধাপে ধাপে আগামী কয়েক সপ্তাহে বাংলাদেশি হাজিদের দেশে ফেরার কার্যক্রম চলবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।







