রবিবার ২৫ অক্টোবর, ২০২৬

১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

রাইজিং কুমিল্লা ডেস্ক

RisingCumilla - Temperature in Panchagarh drops to 17 degrees, the chill intensifies.
ছবি: সংগৃহীত

উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে কমতে শুরু করেছে তাপমাত্রা। গত কয়েকদিন ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামার পর জেলায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৭ ডিগ্রি সেলসিয়াসে। একই সঙ্গে রাত থেকে ভোর পর্যন্ত বিভিন্ন এলাকায় দেখা মিলছে ঘন কুয়াশার। এতে সকাল ও রাতে শীতের অনুভূতি বাড়ছে।

রোববার (২৫ অক্টোবর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ১৭ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়।

এর আগে শনিবার (২৪ অক্টোবর) সকাল ৯টায় একই কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন পঞ্চগড়ে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

রাত থেকে ভোর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় ঘন কুয়াশা পড়ছে। ভোরের দিকে সড়ক-মহাসড়ক ও খোলা মাঠ কুয়াশায় ঢেকে যাচ্ছে। কুয়াশার কারণে সকালে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যাচ্ছে।

স্থানীয়রা জানান, সন্ধ্যার পর থেকেই ঠান্ডার অনুভূতি বাড়তে থাকে। ভোরে কুয়াশার সঙ্গে হিমেল বাতাস শীতের আমেজ আরও স্পষ্ট করে তুলছে। তবে দিনের বেলায় সূর্যের আলো ছড়িয়ে পড়লে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে শীতের অনুভূতিও কমে যাচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, পঞ্চগড়ে তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করেছে। সেই সঙ্গে রাত ও ভোরে কুয়াশার প্রবণতাও বাড়ছে।

তিনি জানান, দিনের বেলায় তাপমাত্রা তুলনামূলক বেশি থাকায় গরম অনুভূত হচ্ছে। অন্যদিকে রাত ও ভোরে ঠান্ডা অনুভূত হচ্ছে। আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে, ফলে শীতের অনুভূতিও বাড়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন