
পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি জানিয়েছেন, প্রধানমন্ত্রী আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী সফর করবেন।
বুধবার (৬ মে) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর এই সফরে অন্যান্য কর্মসূচির পাশাপাশি গুরুত্বপূর্ণ খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে। তিনি জানান, দেশের পানি ব্যবস্থাপনা উন্নয়নে ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ চলছে।
পদ্মা ব্যারেজ প্রসঙ্গে তিনি বলেন, এ প্রকল্পটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে খুব শিগগিরই সরকারের সিদ্ধান্ত নেওয়া হবে এবং তা একনেক সভায় উপস্থাপন করা হবে।
এছাড়া বৈঠকে তিস্তা মহাপরিকল্পনা নিয়েও প্রাথমিক আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, আগামী ১৮০ দিনের মধ্যে কী কী কাজ সম্পন্ন করা হবে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
প্রধানমন্ত্রীর আসন্ন সফর ও উন্নয়ন প্রকল্পগুলোকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে বলে জানা গেছে।








