মঙ্গলবার ২৫ আগস্ট, ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হাইওয়ে পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ আটক ২ নারী

রাইজিং কুমিল্লা ডেস্ক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হাইওয়ে পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ আটক ২ নারী
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হাইওয়ে পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ আটক ২ নারী/ছবি: সংগৃহীত

কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে দুই যাত্রীর কাছ থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করেছে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। এ ঘটনায় দুই নারীকে আটক করা হয়েছে।

রোববার (২৮ জুন) সকাল ৯টা ও সাড়ে ৯টার দিকে উপজেলার ছয়ঘড়িয়া এলাকায় মহাসড়কে পরিচালিত চেকপোস্টে পৃথক দুটি বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির শিকদারের নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকা অভিমুখী পাপিয়া ট্রান্সপোর্টের দুটি যাত্রীবাহী বাসে অভিযান চালায়।

এ সময় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাসিন্দা আঞ্জু বেগম (৪৫)-এর কাছ থেকে ৪ কেজি এবং ঢাকা মহানগরের দারুস সালাম এলাকার মৌসুমী (৩৪)-এর কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ দাবি করেছে, গাঁজাগুলো বিশেষ কৌশলে শরীরের সঙ্গে স্কচটেপ দিয়ে পেঁচানো অবস্থায় বহন করা হচ্ছিল।

পুলিশ জানায়, আটক দুই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. জাকির শিকদার বলেন, মহাসড়কে মাদক পরিবহন বন্ধে নিয়মিত চেকপোস্ট ও অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন