
বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে, এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো এবারের হজযাত্রা।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০০১ ফ্লাইটটি সৌদি আরবের স্থানীয় সময় ভোর ৪টা ২০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এই ফ্লাইটে মোট ৪১৯ জন হজযাত্রী ছিলেন।
জেদ্দা বিমানবন্দরে পৌঁছানোর পর বাংলাদেশি হজযাত্রীদের আন্তরিকভাবে অভ্যর্থনা জানানো হয়। তাদের স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন এবং কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম। এ সময় হাজিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের হাতে তুলে দেওয়া হয় রিফ্রেশমেন্ট কিট।
অভ্যর্থনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন, সহকারী মৌসুমি হজ অফিসার মো. রুহুল আমিন, জেদ্দা হজ টার্মিনালের হেড অব অপারেশন ইহাহিয়া রাদি এবং হাজিদের সেবায় নিয়োজিত সৌদি প্রতিষ্ঠান নুসুক মারহাবার ম্যানেজার রায়েদ বাকশাউন।
এর আগে, গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘হজ ফ্লাইট-২০২৬’-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই উদ্বোধনের মধ্য দিয়েই এবারের হজ কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।








