রবিবার ৫ জুলাই, ২০২৬

সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

রাইজিং কুমিল্লা ডেস্ক

RisingCumilla - Tarique Rahman
প্রধানমন্ত্রী তারেক রহমান/ছবি: সংগৃহীত

সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে সরকার। একই সঙ্গে এসব প্রচারসামগ্রীতে অনুষ্ঠানের মূল বিষয়, উদ্দেশ্য ও বার্তাকে প্রাধান্য দিয়ে উপস্থাপনের নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এ সংক্রান্ত একটি পরিপত্র রবিবার (৫ জুলাই) জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

পরিপত্রে বলা হয়েছে, সরকারি কোনো অনুষ্ঠানের জন্য প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন কিংবা বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি থ্রিডি বা অন্য যেকোনো আঙ্গিকে ব্যবহার করা যাবে না।

এতে আরও বলা হয়, সরকারি অনুষ্ঠানের প্রচারসামগ্রী এমনভাবে প্রস্তুত করতে হবে যাতে অনুষ্ঠানের বিষয়বস্তু, উদ্দেশ্য এবং সংশ্লিষ্ট বার্তা স্পষ্টভাবে ফুটে ওঠে। নকশা প্রণয়নের সময় প্রচারের মূল লক্ষ্য ও বিষয়বস্তুকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে, যাতে সাধারণ মানুষ সহজেই অনুষ্ঠান সম্পর্কে পরিষ্কার ধারণা পায়।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, এই নির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এটি অনতিবিলম্বে কার্যকর হবে এবং দেশের সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, দপ্তর ও সরকারি সংস্থাকে বাধ্যতামূলকভাবে নির্দেশনাটি অনুসরণ করতে হবে।

আরও পড়ুন