মঙ্গলবার ২৭ অক্টোবর, ২০২৬

চাঁদপুরে রাতে অযাচিতভাবে ঘোরাফেরায় আটক ১১ কিশোর, অভিভাবক থানায় ডেকে জিম্মায় দিল পুলিশ

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - 11 teenagers detained in Chandpur for wandering around at night without valid reason, police summoned their guardians to the station and released the youths into their custody.
চাঁদপুরে রাতে অযাচিতভাবে ঘোরাফেরায় আটক ১১ কিশোর, অভিভাবক থানায় ডেকে জিম্মায় দিল পুলিশ/ছবি: সংগৃহীত

চাঁদপুরের হাজীগঞ্জে রাতে অযাচিতভাবে ঘোরাফেরার অভিযোগে ১১ কিশোরকে আটক করেছে থানা পুলিশ। পরে তাদের অভিভাবকদের থানায় ডেকে সতর্ক করার পর অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

সোমবার (২৬ অক্টোবর) রাতে হাজীগঞ্জ থানার একাধিক পুলিশ দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই কিশোরদের আটক করে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলম ভূঁইয়া ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, আটক কিশোরদের রাতে ঘোরাফেরার কারণ জানতে চাওয়া হলে তারা সন্তোষজনক জবাব দিতে পারেনি। পরে তাদের বিষয়ে থানার রেকর্ডপত্র ও অপরাধ তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি (সিডিএমএস) যাচাই করা হয়। যাচাইয়ে তাদের বিরুদ্ধে বিরূপ কোনো তথ্য পাওয়া যায়নি।

পুলিশ আরও জানায়, প্রথমবারের মতো সংশোধনের সুযোগ দিয়ে কিশোরদের অভিভাবকদের থানায় ডেকে আনা হয়। ভবিষ্যতে রাতে অযাচিতভাবে ঘোরাফেরা না করার বিষয়ে অভিভাবকদের আশ্বাসের পর আটক কিশোরদের তাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

কিশোরদের মাদক, অনলাইন জুয়া ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কিশোরদের অপরাধপ্রবণতা থেকে রক্ষা করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

আরও পড়ুন