
জাতীয় সংসদে মাদক নিয়ন্ত্রণ ও সাইবার সুরক্ষা আইনের দুটি গুরুত্বপূর্ণ সংশোধনী বিল উত্থাপন করা হয়েছে। প্রস্তাবিত সংশোধনীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ও সদস্যদের আগ্নেয়াস্ত্র ব্যবহারের ক্ষমতা, নিজস্ব হাজতখানা এবং ডগ স্কোয়াড গঠনের বিধান রাখা হয়েছে। একই সঙ্গে সাইবার সুরক্ষা আইন থেকে জুয়াসংক্রান্ত ধারা বাতিলের প্রস্তাব আনা হয়েছে।
শনিবার সন্ধ্যায় জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) বিল, ২০২৬ এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম সাইবার সুরক্ষা (সংশোধন) বিল, ২০২৬ উত্থাপন করেন।
পরে বিল দুটি পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
প্রস্তাবিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) বিল, ২০২৬-এ অধিদপ্তরকে ‘পোশাক ও আগ্নেয়াস্ত্র সজ্জিত জনবল সংবলিত একটি বিশেষায়িত সংস্থা’ হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়া অধিদপ্তরের জন্য পৃথক হাজতখানা, সাইবার অপরাধ নিয়ন্ত্রণ শাখা, ডিজিটাল ফরেনসিক ল্যাব, মানি লন্ডারিং প্রতিরোধ সেল এবং নিজস্ব ডগ স্কোয়াড গঠনের বিধান রাখা হয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের কৃতিত্ব ও বীরত্বের স্বীকৃতিস্বরূপ পদক ও পুরস্কার প্রদানের ব্যবস্থাও যুক্ত করার প্রস্তাব রয়েছে।
অন্যদিকে সাইবার সুরক্ষা (সংশোধন) বিল, ২০২৬-এ বিদ্যমান আইনের ২০ ধারা বিলুপ্তির প্রস্তাব করা হয়েছে। সরকারের ব্যাখ্যা অনুযায়ী, জুয়া ও বেটিংসংক্রান্ত অপরাধ মোকাবিলায় পৃথক ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ প্রণয়নের উদ্যোগ নেওয়ায় একই বিষয়ে সাইবার সুরক্ষা আইনে আলাদা বিধান রাখার প্রয়োজন নেই।
বিল দুটি উত্থাপনকে কেন্দ্র করে সংসদে সংক্ষিপ্ত আলোচনা হয়। এ সময় একজন সংসদ সদস্য আপত্তি জানাতে চাইলে ডেপুটি স্পিকার কায়সার কামাল জানান, বিধি অনুযায়ী বিল উত্থাপনের পর্যায়ে আপত্তি জানানোর সুযোগ সীমিত।
পরে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, একজন সংসদ সদস্য তার সাংসদীয় অধিকার ও দায়িত্বের জায়গা থেকেই বক্তব্য দিতে চেয়েছিলেন। তবে স্পিকারের ব্যাখ্যা আগে স্পষ্টভাবে জানানো হয়নি।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বিল দুটি কেবল উত্থাপন করা হয়েছে। সংসদীয় স্থায়ী কমিটিতে বিস্তারিত পর্যালোচনার সময় সদস্যরা তাদের মতামত ও সুপারিশ দেওয়ার সুযোগ পাবেন।









