
লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামে একটি বাগানের ভেতর মাটি খুঁড়ে তৈরি করা গোপন সুড়ঙ্গের সন্ধান পাওয়া গেছে, যা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি পরিত্যক্ত জমিদার বাড়ির পাশের বাগানে সুড়ঙ্গটির প্রবেশপথ বাঁশ ও গাছের ডালপালা দিয়ে এমনভাবে আড়াল করা ছিল যে বাইরে থেকে কিছুই বোঝা যায়নি। তবে ভেতরে ছিল ওঠানামার সিঁড়ি, এমনকি বিছানা-বালিশের ব্যবস্থাও। ধারণা করা হচ্ছে, একসঙ্গে তিন থেকে চারজন সেখানে অবস্থান করতে পারতেন।
এলাকাবাসীর অভিযোগ, সুড়ঙ্গটি মাদক সেবন ও বিক্রির গোপন আস্তানা হিসেবে ব্যবহৃত হতো। একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। পরে গত বৃহস্পতিবার স্থানীয়দের উদ্যোগে সুড়ঙ্গটি ভেঙে ফেলা হয়।
স্থানীয়দের দাবি, সুজন সাহা নামে এক যুবক তাঁর সহযোগীদের নিয়ে এই সুড়ঙ্গটি তৈরি করেছিলেন এবং নিয়মিত সেখানে অবস্থান করতেন। অভিযোগ রয়েছে, তিনি সেখানে মাদক সেবন করতেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই তিনি আত্মগোপনে রয়েছেন।
এ বিষয়ে সুজন সাহার স্ত্রী বলেন, তাঁর স্বামী সুড়ঙ্গটি তৈরি করেছিলেন, তবে সেখানে মাদক সেবন করা হতো কি না, সে বিষয়ে তিনি অবগত নন।
দালাল বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে বিষয়টি জানার পর ধারণা করা হচ্ছে, মাদক সেবনের সুবিধার্থেই সুড়ঙ্গটি নির্মাণ করা হয়েছিল।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুড়ঙ্গটি শনাক্ত করে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে মাদক সেবন প্রতিরোধে পরে সুড়ঙ্গটি ভেঙে ফেলা হয়।









