
আভিযানিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) জন্য ১৬৩টি নতুন যানবাহন কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব গাড়ি কিনতে ব্যয় হবে ১২২ কোটি ২৭ লাখ ৪৫ হাজার টাকা।
বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন র্যাবের ‘র্যাব ফোর্সেসের আভিযানিক সক্ষমতা বৃদ্ধি (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য যানবাহন ক্রয়ের প্রস্তাব উপস্থাপন করা হয়।
প্রস্তাব অনুযায়ী, র্যাবের জন্য ৩টি জিপ, ১০০টি প্যাট্রল পিকআপ এবং ৬০টি এসি মাইক্রোবাস কেনা হবে। এসব যানবাহন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড
-এর মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে সংগ্রহ করা হবে।
জানা গেছে, এ সংক্রান্ত প্রস্তাবটি চলতি বছরের ২৭ জানুয়ারি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিইএ) বৈঠকে নীতিগত অনুমোদন পায়।
সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নতুন যানবাহন যুক্ত হলে র্যাবের অভিযান পরিচালনা, টহল কার্যক্রম এবং বিভিন্ন বিশেষ অপারেশনে সক্ষমতা আরও বাড়বে।








