শনিবার ২২ আগস্ট, ২০২৬

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা তপন বক্সীর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা তপন বক্সীর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা তপন বক্সীর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন/ছবি: প্রতিনিধি

চান্দিনা উপজেলা পরিষদের ২ বারের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা তপন বক্সীকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে পারিবারিক শ্মশানে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) বিকেলে চান্দিনার হারং গ্রামে তাঁর নিজ বাসভবনে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এর আগে তাঁর দেহ জাতীয় পতাকায় মুড়িয়ে দেওয়া হয়।

শ্রদ্ধা নিবেদন ও শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল হক এবং চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান। প্রয়াত তপন বক্সী বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি এবং চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

গত বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সোয়া ৭টায় কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭২ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

অন্ত্যেষ্টিক্রিয়ার পূর্বে আয়োজিত স্মৃতিচারণ সভায় প্রয়াত নেতার রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা তুলে ধরে বক্তব্য রাখেন উপ-সচিব সাইফুল ইসলাম ভূইয়া, চান্দিনা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দীন ভূইয়া, কুমিল্লা জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা নির্মল পাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নারায়ণ সরকার, সাবেক পৌর মেয়র শাহ মোহাম্মদ আলমগীর খাঁন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী আবদুল মালেক, শিক্ষক নেতা কমল বকসী, চান্দিনা প্রেস ক্লাব সভাপতি রণবীর ঘোষ কিংকর, সাধারণ সম্পাদক অধ্যাপক মাসুমুর রহমান মাসুদ এবং প্রয়াত চেয়ারম্যানের ছেলে তন্ময় বকসী রাজু।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার পূজা উদ্‌যাপন পরিষদের নেতৃবৃন্দ ছাড়াও সর্বস্তরের ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানান।

আরও পড়ুন