
চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার বিশেষ অভিযানে ৬৭ হাজার ৬৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬০০ পিস ইয়াবার ভাঙা গুঁড়া এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তবে তার সহযোগী অপর এক আসামি পালিয়ে গেছে।
সোমবার (১ জুন) রাত ২টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানার একটি বিশেষ টিম বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় আল-নূর হাসপাতালের বিপরীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।
এ সময় একটি কালো রঙের টয়োটা এক্সিও প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে গাড়ির ব্যাকডালার পেছনে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬৭ হাজার ৬৮০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৬০০ পিস ইয়াবার ভাঙা গুঁড়া উদ্ধার করা হয়। পরে গাড়িটি জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামি বাবু মোল্লা (৪৫) চুয়াডাঙ্গা জেলার বাসিন্দা। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৩ লাখ ৪ হাজার টাকা। এছাড়া জব্দ করা প্রাইভেটকারটির মূল্য প্রায় ১৫ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামি ও পলাতক অপর আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া মাদক চোরাচালান ও কারবারের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতেও তদন্ত চলছে।





