মঙ্গলবার ২ জুন, ২০২৬

মালয়েশিয়াগামী কর্মীদের ভোগান্তি: তদন্ত কমিটি গঠন, দোষী এজেন্সির লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Suffering of workers going to Malaysia- Investigation committee formed, warning of cancellation of license of guilty agency
মালয়েশিয়াগামী কর্মীদের ভোগান্তি: তদন্ত কমিটি গঠন, দোষী এজেন্সির লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি/ছবি: সংগৃহীত

মালয়েশিয়াগামী হাজারও কর্মীর শেষ মুহূর্তে ভিসা ও টিকিট জটিলতায় আটকে পড়া ও চরম ভোগান্তির ঘটনায় নড়েচড়ে বসেছে সরকার। দীর্ঘ আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পরও বিদেশে যেতে না পারা কর্মীদের দুর্ভোগ নিরসনে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মন্ত্রী বলেন, মালয়েশিয়া গমনেচ্ছু কর্মীদের শেষ মুহূর্তের সংকট, বিমানের টিকিটের কৃত্রিম সংকট এবং পরিকল্পিত কারসাজির বিষয়টি খতিয়ে দেখতে একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, যেসব রিক্রুটিং এজেন্সি কর্মীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নিয়েও টিকিট সরবরাহে ব্যর্থ হয়েছে বা প্রতারণা করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত শেষে এসব এজেন্সির লাইসেন্স বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে।

মন্ত্রী বলেন, বিএমইটি ক্লিয়ারেন্স পাওয়ার পরও কতজন কর্মী বিদেশে যেতে পারেননি, তার একটি নির্ভুল তালিকা তৈরি করা হচ্ছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত কর্মীদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, মালয়েশিয়া সরকারের সঙ্গে উচ্চপর্যায়ের যোগাযোগ অব্যাহত রয়েছে, যাতে আটকে পড়া কর্মীদের পুনরায় সুযোগ দেওয়া বা সময়সীমা বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হয়।

‘সিন্ডিকেটের কাছে মাথা নত করবে না সরকার’—এমন কঠোর অবস্থান জানিয়ে মন্ত্রী বলেন, প্রবাসী কর্মীদের স্বার্থে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। কোনো প্রভাবশালী চক্র বা সিন্ডিকেটকে ছাড় দেওয়া হবে না।

এ সময় তিনি অভিযোগ করেন, শেষ মুহূর্তে উচ্চমূল্যে টিকিট কিনেও অনেক কর্মী ফ্লাইট সংকটের কারণে মালয়েশিয়ায় যেতে পারেননি। সময়মতো টিকিট বুকিং না করায় অনেক এজেন্সির গাফিলতিও প্রমাণিত হয়েছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুরসহ মন্ত্রণালয় ও বিএমইটি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন