শনিবার ২০ জুন, ২০২৬

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, উত্তরের ৪ জেলায় স্বল্পমেয়াদি বন্যার আভাস

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - flood
ছবি: সংগৃহীত

দেশজুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে আগামী ৭২ ঘণ্টার মধ্যে দেশের কয়েকটি জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

শনিবার (২০ জুন) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী পাঁচ দিন দেশের উত্তরাঞ্চলের রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয় অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পেতে পারে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল স্থিতিশীল থাকলেও আগামী পাঁচ দিনে এসব নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। একইভাবে গঙ্গা-পদ্মা নদীর পানি আগামী তিন দিন স্থিতিশীল থাকলেও পরবর্তী দুই দিনে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে এবং আগামী তিন দিন তা আরও বাড়তে পারে। ফলে সিলেট ও সুনামগঞ্জ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কিছু এলাকা সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতলও বৃদ্ধি পেয়েছে। বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টায় নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর জেলায় এসব নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

ময়মনসিংহ অঞ্চলের সোমেশ্বরী, জিঞ্জিরাম, কংস ও ভুগাই নদীর পানিও আগামী কয়েকদিন বাড়তে পারে। ফলে নেত্রকোণা, ময়মনসিংহ ও শেরপুর জেলার কিছু নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

এছাড়া সিলেট বিভাগের সারিগোয়াইন, খোয়াই, যাদুকাটা, মনু ও ধলাই নদী এবং চট্টগ্রাম বিভাগের মুহুরী, সাঙ্গু, সেলোনিয়া, গোমতী, ফেনী, হালদা ও মাতামুহুরী নদীর পানি সমতলও আগামী তিন দিনে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নদী তীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

আরও পড়ুন