বৃহস্পতিবার ২৩ এপ্রিল, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া-লক্ষ্মীপুরসহ যেসব জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ

রাইজিং কুমিল্লা ডেস্ক

heat wave
প্রতীকি ছবি/গেটি ইমেজেস

রাজধানী ঢাকাসহ দেশের ২৭টি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। এর মধ্যে রাজশাহী বিভাগের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং খুলনা বিভাগের ১০ জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বিরাজ করছে।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। তবে দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বর্তমানে রাজশাহী জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া রাজশাহী বিভাগের বাকি অংশ, খুলনা বিভাগসহ ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, রাঙামাটি ও বান্দরবান জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সংস্থাটির আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

সংস্থাটি আরও জানায়, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শুক্রবার (২৪ এপ্রিল) থেকে শনিবার (২৫ এপ্রিল) পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

রোববার (২৬ এপ্রিল) ও সোমবার (২৭ এপ্রিল) বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বাড়তে পারে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে এবং তাপপ্রবাহ পরিস্থিতিরও উন্নতি হতে পারে।

আরও পড়ুন