রবিবার ২৫ অক্টোবর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় শাশুড়ি হত্যা, মামলার প্রধান আসামি জামাই ধরা পড়লেন চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ায় শাশুড়ি হত্যা, মামলার প্রধান আসামি জামাই ধরা পড়লেন চট্টগ্রামে/ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় দায়ের করা শাশুড়ি হত্যা মামলার প্রধান পলাতক আসামি জামাতা মো. ইস্রাফিলকে (৩৫) চট্টগ্রাম নগরের বায়েজিদ এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শুক্রবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বায়েজিদ বোস্তামী থানার পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রোডে রংধনু টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স দোকানের সামনের সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-৭, চট্টগ্রাম ও র‍্যাব-৯, সিলেটের একটি যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার মো. ইস্রাফিল ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার নারুই এলাকার মো. শিশু মিয়ার ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ইস্রাফিলের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। পরে ভুক্তভোগীর মৃত্যু হলে মামলাটি দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যা মামলায় রূপ নেয়। মামলা দায়েরের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন