
কুমিল্লার দেবিদ্বার উপজেলার বেতুয়া হাশেমিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও কৃতি শিক্ষার্থীদের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এতে অতিথিরা বিগত বার্ষিক পরীক্ষায় বিভিন্ন শ্রেণিতে উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
শুক্রবার (১ মে) সকালে মাদ্রাসা মিলনায়তনে ঢাকার ইবনে সিনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মুহাম্মদ নুরুল্লাহর সভাপতিত্বে এবং বেতুয়া হাশেমিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার পরিচালক মাওলানা মুহাম্মদ ছফিউল্লাহ হাশেমীর পরিচালনায় এ পুরস্কার বিতরণী হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের নসিহত প্রদান করেন বিশিষ্ট ইসলামিক স্কলার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাব-রেজিস্ট্রার এ কে এম মীর হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দক্ষিণ দেবিদ্বার ওলামা ঐক্য পরিষদের সেক্রেটারি মাওলানা ক্বারী আনোয়ার হোসাইন, সানানগর মহিউস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা শফিকুল ইসলাম, মাদরাসায়ে আশরাফুল উলুম কোড়েরপাড়ের মুহতামিম মাওলানা মাসউদ জামিল এবং জাফরাবাদ ইসলামিয়া দাখিল মাদ্রাসার উস্তাদ মাওলানা বজলুর রহমান প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথি অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, আল্লাহপাকের সন্তুষ্টি লাভ, ইহকাল ও পরকালের মুক্তি এবং ইসলামের মূল আকিদায় জ্ঞান অর্জন করে প্রকৃত সফলতা লাভের উপায় হিসেবে কাজ করছে বেতুয়া হাশেমিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা। অনৈসলামিক সমাজ ব্যবস্থার সার্বিক পরিবর্তন সাধন করে পবিত্র কুরআন ও সুন্নাহর ভিত্তিতে ইসলামি জীবনব্যবস্থা গড়তে সহায়ক ভূমিকা রেখে প্রতিটি ঘরে ঘরে পবিত্র কোরানের আলো ছড়িয়ে দেয়ার চেষ্টা করছে।
শুভেচ্ছা বক্তব্যে প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা মুহাম্মদ ছফিউল্লাহ হাশেমী বলেন, একজন শিক্ষার্থীকে শুধু পড়াশোনা করলেই চলবে না; তার মধ্যে থাকতে হবে নেতৃত্বের গুণাবলি, সমস্যা সমাধানের দক্ষতা, নীতি-নৈতিকতা এবং তাকওয়া। বেতুয়া হাশেমিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা শিক্ষার্থীদের এভাবে গড়ে তোলার লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।
এসময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।









