সোমবার ৬ জুলাই, ২০২৬

ফুটপাত দখলে ছাড় দেবে না কুমিল্লা সিটি কর্পোরেশন, ৮ প্রতিষ্ঠানের লাইসেন্স সাময়িক স্থগিত

নিজস্ব প্রতিবেদক

RisingCumilla - Cumilla City Corporation to show no leniency regarding footpath encroachment; licenses of 8 establishments temporarily suspended.
ফুটপাত দখলে ছাড় দেবে না কুমিল্লা সিটি কর্পোরেশন, ৮ প্রতিষ্ঠানের লাইসেন্স সাময়িক স্থগিত/ছবি: সংগৃহীত

কুমিল্লা নগরীতে ফুটপাত দখল করে দোকানের সামনে অবৈধভাবে হকার ও অস্থায়ী দোকান বসিয়ে ভাড়া দেওয়ার অভিযোগে আটটি ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক)। একই সঙ্গে নগরীর ফুটপাত দখল, যানজট সৃষ্টি এবং জনদুর্ভোগ বাড়ায় দায়ীদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি।

সোমবার (৬ জুলাই) কুমিল্লা সিটি কর্পোরেশনের উপপ্রধান রাজস্ব কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক স্মারকে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মামুন।

স্থগিত হওয়া প্রতিষ্ঠানগুলো হলো— সারা বয়লার হাউস, আরব সুইট অ্যান্ড বেকারি, ট্রাই বেকারি, কাজী ফজলুল হক স্টোর, জেলিকা বেকারি, আল বারাকা হোটেল, মেসার্স হাজী অ্যান্ড সন্স এবং আবেদন স্টোর।

স্মারকে বলা হয়, নগরীর ফুটপাত, সড়ক এবং দোকানের সামনের জায়গা অবৈধভাবে দখল করে হকার, ভ্যানগাড়ি ও অস্থায়ী দোকান বসানোর কারণে যানজটের পাশাপাশি পথচারীদের চলাচলে মারাত্মক দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। এ সমস্যা নিরসনে কুসিক একাধিকবার নোটিশ প্রদান, মাইকিং, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ, উচ্ছেদ অভিযান এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলেও কিছু ব্যবসা প্রতিষ্ঠান তা উপেক্ষা করে দোকানের সামনে অবৈধ হকার বসাতে সহযোগিতা করে আসছে।

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মামুন জানান, গত কয়েকদিন ধরে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজট কমানো এবং ফুটপাত দখলমুক্ত রাখতে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানের পাশাপাশি ব্যবসায়ীদের সচেতন করতে লিখিত নোটিশ, মাইকিং এবং গণমাধ্যমে বিজ্ঞপ্তির মাধ্যমে একাধিকবার সতর্ক করা হয়েছে।

তিনি বলেন, সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপুসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিনে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করেছিলেন। এরপরও কিছু প্রতিষ্ঠান দোকানের সামনের ফুটপাত দখল করে অবৈধ হকার ও অস্থায়ী দোকান বসিয়ে নিয়মিত ভাড়া আদায় করে আসছিল। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় রানীরবাজার এলাকার আটটি প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

কুসিক জানিয়েছে, ফুটপাত দখল করে দোকানের সামনে অবৈধভাবে হকার বা অস্থায়ী দোকান বসিয়ে ভাড়া দেওয়া সম্পূর্ণ বেআইনি। এ ধরনের কর্মকাণ্ড জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে এবং নগরীর শৃঙ্খলা নষ্ট করে। তাই অপরাধে জড়িত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সংস্থাটি আরও জানিয়েছে, ভবিষ্যতে কেউ আইন অমান্য করলে পর্যায়ক্রমে ট্রেড লাইসেন্স বাতিল, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা এবং প্রচলিত আইনে অন্যান্য ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুমিল্লা সিটি কর্পোরেশন নগরীর সকল ব্যবসায়ীর প্রতি আহ্বান জানিয়ে বলেছে, দোকানের সামনে ফুটপাত দখলমুক্ত রেখে নগরীর শৃঙ্খলা ও জনস্বার্থ রক্ষায় সহযোগিতা করতে হবে।

আরও পড়ুন