শুক্রবার ১২ জুন, ২০২৬

প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কর্মী নিয়োগ দিলেই কর ছাড় পাবে প্রতিষ্ঠান

রাইজিং কুমিল্লা ডেস্ক

ছবি: সংগৃহীত

প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর কর্মসংস্থান বৃদ্ধিতে নতুন কর প্রণোদনার প্রস্তাব দিয়েছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে এ ধরনের কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর জন্য বিশেষ কর ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে উপস্থাপিত বাজেট প্রস্তাব অনুযায়ী, কোনো প্রতিষ্ঠান তাদের মোট জনবলের অন্তত ১০ শতাংশ অথবা ন্যূনতম ২৫ জন প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে নিয়োগ দিলে কর রেয়াতের সুবিধা ভোগ করতে পারবে।

বাজেট প্রস্তাবে বলা হয়েছে, এ ধরনের প্রতিষ্ঠান প্রদেয় করের ৫ শতাংশ অথবা সংশ্লিষ্ট কর্মীদের মোট বেতনের ৭৫ শতাংশের সমপরিমাণ অর্থের মধ্যে যেটি কম হবে, সেই পরিমাণ কর ছাড় পাবে।

সরকারের ভাষ্য, কর্মক্ষেত্রে দীর্ঘদিন ধরে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর অংশগ্রহণ বাড়ানো এবং তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের মানুষের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, দেশে প্রায় ৪৬ লাখ প্রতিবন্ধী ব্যক্তি রয়েছেন। তবে তাদের একটি বড় অংশ এখনও শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন কর প্রণোদনা বেসরকারি খাতে এ জনগোষ্ঠীর নিয়োগ বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

এদিকে প্রস্তাবিত বাজেটে প্রতিবন্ধী সন্তানের অভিভাবকদের জন্যও অতিরিক্ত কর সুবিধার প্রস্তাব করা হয়েছে। তাদের করমুক্ত আয়সীমা আরও ৫০ হাজার টাকা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবটি বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট পরিবারগুলো আর্থিকভাবে কিছুটা স্বস্তি পাবে বলে মনে করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, শুধু কর প্রণোদনা নয়, কর্মক্ষেত্রকে আরও অন্তর্ভুক্তিমূলক ও প্রতিবন্ধীবান্ধব করে তোলার উদ্যোগও জরুরি। উপযুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করা গেলে প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর কর্মসংস্থানে বাস্তব ও টেকসই পরিবর্তন আসবে।

আরও পড়ুন