
পুলিশের গুলিতে নিহত ফেনীর যুবদল নেতা শহীদ হারুনের পরিবার এবং কুমিল্লার চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের দেওয়া আগুনে বসতবাড়ি হারানো এক অসহায় পরিবারকে নতুন বাড়ি উপহার দিচ্ছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
তার নিজস্ব উদ্যোগ ও দিকনির্দেশনায় নির্মিত এসব নতুন বাড়ির চাবি আগামী রোববার (১৩ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে ভুক্তভোগী পরিবারগুলোর হাতে তুলে দেওয়া হবে।
শনিবার (১২ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমেন মিথুন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি তদারকিতে সুবিধাবঞ্চিত দুই পরিবারের জন্য নতুন বসতঘর নির্মাণ করা হয়েছে।
আগামীকাল রোববার আয়োজিত চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে নতুন বাড়ির চাবি তুলে দেবেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে এসব পরিবারের জন্য নতুন বসতঘর নির্মাণ করা হয়েছে।










