
দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণ বা পাকা সোনার দাম কমার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাজুস।
নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৫ হাজার ৬৪০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৩ হাজার ৭৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৮ হাজার ২৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে রোববার পর্যন্ত দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হয়েছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকায়। একই সময়ে ২১ ক্যারেটের স্বর্ণের দাম ছিল ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা।
বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশে এই নতুন দর কার্যকর থাকবে।
তবে স্বর্ণালংকার কেনার ক্ষেত্রে নির্ধারিত স্বর্ণের দামের সঙ্গে গয়নার ডিজাইন অনুযায়ী অতিরিক্ত মজুরি যুক্ত হবে। এছাড়া স্বর্ণালংকারের নির্ধারিত বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।










