
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন উদ্যোক্তা তৈরি, গ্রামীণ পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং উৎপাদন সক্ষমতা সম্প্রসারণের লক্ষ্যে ১ হাজার কোটি টাকার বিশেষ ঋণ কর্মসূচি চালু করেছে কর্মসংস্থান ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে পরিচালিত এ কর্মসূচির প্রথম ধাপে ২০০ কোটি টাকা ঋণ বিতরণ করা হচ্ছে। এ উদ্যোগের মাধ্যমে প্রায় দেড় লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করছে ব্যাংক কর্তৃপক্ষ।
বুধবার (২৫ নভেম্বর) কর্মসংস্থান ব্যাংকের প্রধান কার্যালয়ে ১ হাজার ৬০০ জন গ্রাহকের মধ্যে ৩৩ কোটি টাকার ঋণ বিতরণ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান ব্যাংকটির চেয়ারম্যান ড. এএফএম মতিউর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কর্মসংস্থান ব্যাংকের পরিচালক ও এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ড. মোহাম্মদ জাকারিয়া, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন, কর্মসংস্থান ব্যাংকের পরিচালক তালুকদার সালাহউদ্দীন আহমাদ, ব্যাংকের সদ্য বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক অরুণ চৌধুরী কর্মকার এবং ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক পারভিন আক্তার।
ড. মোহাম্মদ জাকারিয়া বলেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়নে শুধু অর্থায়ন বাড়ালেই হবে না, উদ্যোক্তাদের কাছে সঠিক সময়ে ঋণ পৌঁছে দেওয়াও জরুরি। বিশেষ করে কোরবানির বাজারকে সামনে রেখে গবাদিপশু পালন ও মোটাতাজাকরণে উদ্যোক্তাদের প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করা গেলে উৎপাদন বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।
তিনি আরও বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রশিক্ষণপ্রাপ্ত তরুণদের এ ঋণ কর্মসূচির আওতায় নিয়ে আসা প্রয়োজন। পাশাপাশি ঋণ বিতরণের পর উদ্যোক্তাদের উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারসংযোগের ক্ষেত্রেও সহযোগিতা দিতে হবে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন বলেন, দেশের তরুণ জনগোষ্ঠী অর্থনৈতিক উন্নয়নের অন্যতম বড় সম্পদ। এই জনশক্তিকে উৎপাদনশীল কাজে সম্পৃক্ত করা না গেলে জনসংখ্যাগত সুবিধাকে কাজে লাগানো কঠিন হবে। তাই দেশের অভ্যন্তরে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দক্ষ জনশক্তি বিদেশে পাঠানোর উদ্যোগও জোরদার করতে হবে।
তিনি বলেন, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে ভাষা শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে। অদক্ষ শ্রমিকের পরিবর্তে দক্ষ কর্মী, কারিগরি পেশাজীবী ও সুপারভাইজার হিসেবে জনশক্তি পাঠানোর সক্ষমতা বাড়ানো গেলে বিদেশে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের পাশাপাশি শ্রমিকদের আয় ও রেমিট্যান্স প্রবাহও বাড়বে।
কর্মসংস্থান ব্যাংকের পরিচালক তালুকদার সালাহউদ্দীন আহমাদ ঋণের সুদহার কমানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে ৪ শতাংশ সুদে তহবিল নিয়ে গ্রাহক পর্যায়ে ৯ শতাংশ সুদে ঋণ বিতরণ করা হচ্ছে। এতে ব্যাংকের হাতে ৫ শতাংশ ব্যবধান থাকছে, যা উদ্যোক্তাদের জন্য তুলনামূলক বেশি ব্যয়ের কারণ হচ্ছে।
বাংলাদেশ ব্যাংক থেকে প্রাপ্ত তহবিলের সুদহার ২ শতাংশে নামিয়ে আনা হলে গ্রাহক পর্যায়ে ৫ থেকে সাড়ে ৫ শতাংশ সুদে ঋণ বিতরণ করা সম্ভব হবে বলে তিনি মনে করেন।
তিনি বলেন, কর্মসংস্থান ব্যাংক দেশের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে ঋণ প্রদানের মাধ্যমে স্বাবলম্বী করা এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ব্যাংকটির মূলধন তুলনামূলক কম হলেও জাতীয় অর্থনীতিতে এর কার্যক্রমের গুরুত্ব অনেক। তাই ব্যাংককে শুধু মুনাফা অর্জনের প্রতিষ্ঠান হিসেবে না দেখে অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির অন্যতম মাধ্যম হিসেবে বিবেচনা করা প্রয়োজন।
প্রাণিসম্পদ খাতে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরে তিনি বলেন, গবাদিপশু পালন, চামড়া প্রক্রিয়াজাতকরণ এবং জুতা ও চামড়াজাত পণ্য উৎপাদনে দেশীয় শিল্পের বিকাশের ব্যাপক সুযোগ রয়েছে। এসব খাতে পরিকল্পিত বিনিয়োগ বাড়ানো গেলে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিধি আরও সম্প্রসারিত হবে।
দেশের চামড়াশিল্পের সম্ভাবনা কাজে লাগাতে বিভাগীয় পর্যায়ে ট্যানারি ও চামড়া প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলার প্রস্তাবও দেন তিনি। দেশীয় চামড়া ব্যবহার করে জুতা ও অন্যান্য চামড়াজাত পণ্যের উৎপাদন বাড়ানো গেলে আমদানিনির্ভরতা কমার পাশাপাশি স্থানীয় শিল্পে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে উল্লেখ করেন।
কর্মসংস্থান ব্যাংকের সদ্য বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক অরুণ চৌধুরী কর্মকার বলেন, প্রাণিসম্পদ খাতে ঋণ বিতরণের ক্ষেত্রে প্রকৃত উপকারভোগী ও নতুন উদ্যোক্তাদের অগ্রাধিকার দিতে হবে। একই সঙ্গে ঋণের সঠিক ব্যবহার এবং যথাসময়ে আদায় নিশ্চিত করাও জরুরি। দেশের সব শ্রেণি-পেশার মানুষকে অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে ঋণ কার্যক্রম আরও অন্তর্ভুক্তিমূলক করার পরামর্শ দেন তিনি।
পোল্ট্রি খাতের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে এ শিল্প গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তবে পশুখাদ্য ও পোল্ট্রি খাদ্যের উচ্চমূল্য, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং বাজারের অনিশ্চয়তার কারণে খামারিরা নানা চ্যালেঞ্জের মুখে রয়েছেন। এ অবস্থায় খাতটির টেকসই উন্নয়নে সহজ শর্তে ঋণ ও কার্যকর আর্থিক সহায়তা নিশ্চিত করা প্রয়োজন।










