সোমবার ৩১ আগস্ট, ২০২৬

ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি

Rising Cumilla - Tk 12 lakh snatched from agent banking outlet by individuals posing as DB officers
ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই/ছবি: সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে ইসলামী ব্যাংকের একটি এজেন্ট ব্যাংকিং শাখার ম্যানেজারের কাছ থেকে ১২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

সোমবার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে বসুরহাট-হাজারীহাট সড়কের বিদ্যুৎ অফিস এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে ইসলামী ব্যাংক আবু মাঝির হাট এজেন্ট ব্যাংকিং শাখার ম্যানেজার আবদুর রহমান বসুরহাট থেকে ১২ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে করে আবু মাঝির হাট যাচ্ছিলেন। পথে বিদ্যুৎ অফিস পার হওয়ার পর ডিবি পুলিশের পোশাক পরা কয়েকজন ব্যক্তি প্রাইভেটকার নিয়ে তার মোটরসাইকেলের গতিরোধ করেন। এ সময় অস্ত্র হাতে ডিবি পুলিশের পোশাক পরা কয়েকজন প্রাইভেটকার থেকে বের হয়ে আবদুর রহমানকে ইয়াবা বিক্রির অভিযোগে আটক করার কথা বলে গাড়িতে তুলে নেন। পরে তাকে সেনবাগ উপজেলার নবীপুর এলাকায় নিয়ে গিয়ে রেখে যায় চক্রটি। এ সময় তার কাছে থাকা ১২ লাখ টাকা নিয়ে যায় তারা।

আবদুর রহমান ইসলামী ব্যাংকের ওই এজেন্ট ব্যাংকিং শাখার ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, ১২ লাখ টাকা ছিনতাইয়ের একটি মৌখিক অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন