
জুলাই মাস থেকে সারাদেশে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও পাটের তৈরি পরিবেশবান্ধব ব্যাগ পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
মাহদী আমিন বলেন, প্রাথমিকভাবে পাইলট আকারে এই কার্যক্রম চালু করা হচ্ছে। প্রথম শ্রেণি থেকে শুরু করে প্রতি উপজেলায় দুটি করে স্কুলে শিক্ষার্থীদের মাঝে এসব ড্রেস ও ব্যাগ বিতরণ করা হবে। কোন স্কুলগুলো এ সুবিধা পাবে তা নির্ধারণ করবে স্থানীয় প্রশাসন। প্রথম মাসেই অন্তত এক লাখ শিক্ষার্থীর হাতে এই সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) সকালে সচিবালয়ে তিনি এ তথ্য জানান।
তিনি আরও জানান, তিনটি মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে প্রান্তিক অঞ্চল পর্যন্ত দেশীয় উৎপাদিত পণ্য পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে ন্যায্যতা ও সমতা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।
এদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, প্রতিটি উপজেলায় দুটি করে স্কুলকে এই প্রকল্পের আওতায় আনা হবে। ভবিষ্যতে সব প্রাথমিক বিদ্যালয়ে একই ধরনের পোশাক চালুর পরিকল্পনা রয়েছে। তবে ছেলে ও মেয়েদের জন্য আলাদা ডিজাইনের পোশাক ও ব্যাগ রাখা হবে।
অন্যদিকে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী জানান, দেশের পাটশিল্পের হারানো ঐতিহ্য পুনরুদ্ধার করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। পাশাপাশি পলিথিনের কারণে সৃষ্ট পরিবেশ দূষণ কমাতে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব পণ্য ব্যবহারে উৎসাহিত করতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে।







