
আগামী জুলাই মাস থেকে দেশের মাদ্রাসা শিক্ষকদের বেতন নিয়মিত পরিশোধ করা হবে। একই সঙ্গে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে দুই মাসের বকেয়া বেতনও জুলাই মাসেই পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (৩০ জুন) সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল ও কামিল স্তরের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
শিক্ষামন্ত্রী বলেন, গত সেপ্টেম্বর থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর মাধ্যমে প্রায় ১৭ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে শূন্য থাকা পদগুলো পূরণে এই নিয়োগ ছিল অত্যন্ত প্রয়োজনীয়। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার দ্রুত নিয়োগ কার্যক্রম সম্পন্ন করলেও প্রয়োজনীয় বাজেট বরাদ্দ না রাখায় নতুন নিয়োগপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষকদের বেতন পরিশোধে জটিলতা সৃষ্টি হয়।
তিনি জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দেখা যায়, নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বেতন পরিশোধে অতিরিক্ত ৫০১ কোটি টাকার প্রয়োজন হলেও সেই অর্থের কোনো বরাদ্দ ছিল না। ফলে দুই মাসের বেতন পরিশোধ সম্ভব হয়নি। তবে আগামী জুলাই মাস থেকে নিয়মিত বেতন দেওয়ার পাশাপাশি বকেয়া দুই মাসের বেতনও একসঙ্গে পরিশোধ করা হবে।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ইসলামী শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, দল-মতের ঊর্ধ্বে উঠে প্রকৃত ইসলামের আদর্শ ধারণ করে জীবন পরিচালনা করতে হবে। তিনি সংসদে ইসলামের বিভিন্ন ব্যাখ্যা নিয়ে হওয়া আলোচনার প্রসঙ্গ টেনে শিক্ষার্থীদের মূল ইসলামের শিক্ষা ও মূল্যবোধ অনুসরণের আহ্বান জানান।
এ সময় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










