
পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর হাইকোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নেন তারা।
এর আগে সকাল ৭টার কিছু পর জাতীয় ঈদগাহ ময়দানে পৌঁছান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এ সময় জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, ঢাকায় নিযুক্ত বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও ঈদের জামাতে অংশ নেন।
ঈদের প্রধান জামাতকে কেন্দ্র করে ভোর থেকেই জাতীয় ঈদগাহ এলাকায় মুসল্লিদের ঢল নামে। মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসবের এই নামাজ আদায়ের জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে মুসল্লিদের ঈদগাহ ময়দানে প্রবেশ করতে দেখা যায়। সকাল থেকেই জাতীয় প্রেস ক্লাব, মৎস্যভবন ও ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় দীর্ঘ সারিতে দাঁড়িয়ে মুসল্লিরা ঈদগাহে প্রবেশ করেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহ মাঠ ঈদের জামাতের জন্য প্রস্তুত করা হয়। এবারের জামাতে নারীদের জন্য ছিল আলাদা প্রবেশপথ, অজু ও নামাজের সংরক্ষিত ব্যবস্থা। পাশাপাশি ভিআইপি ব্যক্তিদের জন্যও বিশেষ ব্যবস্থা রাখা হয়।
মুসল্লিদের সুবিধার্থে পর্যাপ্ত অজুখানা, মেডিক্যাল টিম ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়। সব মিলিয়ে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়, যার মধ্যে সাড়ে তিন হাজার নারী মুসল্লির জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছিল।








