রবিবার ১ নভেম্বর, ২০২৬

কুমিল্লার দাউদকান্দিতে গাড়ির গ্যারেজে পুলিশের অভিযান, নকল ইয়াবাসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

RisingCumilla - Police raid a vehicle garage in Daudkandi, Comilla, 2 arrested with counterfeit Yaba pills
/ছবি : সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দিতে একটি গাড়ির গ্যারেজে অভিযান চালিয়ে ৫ হাজার ১০০ পিস নকল ইয়াবা, এক কেজি গাঁজা ও মাদক সেবনের সরঞ্জামসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১ নভেম্বর) ভোরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তালতলী এলাকায় আব্দুর রহিমের গাড়ির গ্যারেজে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে দাউদকান্দি মডেল থানা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গ্যারেজের মালিক আব্দুর রহিম (৩৭) ও রাশেদ (৩৩)। আব্দুর রহিম উপজেলার ঢাকারগাঁও মোল্লাবাড়ি এলাকার আবুল কালাম মিয়ার ছেলে। অন্যদিকে রাশেদ দাউদকান্দি সদর উত্তর ইউনিয়নের গোলাপের চর গ্রামের মতিন ফরাজীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তালতলী এলাকার ওই গ্যারেজে অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্রেপ্তার দুজনের হেফাজত থেকে ৫ হাজার ১০০ পিস নকল ইয়াবা, এক কেজি গাঁজা, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম এবং গাঁজা পরিমাপের একটি মেশিন উদ্ধার করা হয়।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে দাউদকান্দি পৌরসভার তালতলী এলাকায় গ্যারেজটিতে অভিযান চালানো হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন