রবিবার ১৮ অক্টোবর, ২০২৬

এআইয়ের ব্যবহার ঠেকাতে আদালতে কৃতি, যা বলল দিল্লির হাইকোর্ট

বিনোদন ডেস্ক

Rising Cumilla - kriti sanon
বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন/ছবি : সংগৃহীত

নিজের নাম, ছবি, মুখ, কণ্ঠস্বর ও পরিচিতির অপব্যবহার ঠেকাতে ব্যক্তিত্বের অধিকারের আইনি সুরক্ষা চেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। অনুমতি ছাড়া তাঁর পরিচিতি বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা হলে তার বিরুদ্ধে আইনি সুরক্ষা চেয়েছেন এই অভিনেত্রী।

বর্তমানে বিনোদন জগতে তারকাদের নাম ও ছবি অনুমতি ছাড়া বাণিজ্যিক কাজে ব্যবহার, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভুয়া কনটেন্ট, ডিপফেক ভিডিও এবং ডিজিটাল ছদ্মপরিচয়ের ঘটনা বাড়ছে। ভুয়া পণ্যের প্রচারে তারকাদের পরিচয় ব্যবহারের মতো বিষয় নিয়েও আদালতের দ্বারস্থ হচ্ছেন অনেকে। এর আগে একাধিক তারকাও নিজেদের নাম, চেহারা ও কণ্ঠস্বরের সুরক্ষা চেয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন।

শুক্রবার (১৬ অক্টোবর) কৃতি শ্যাননের করা মামলার শুনানিতে ব্যক্তিত্বের অধিকারের পরিধি নিয়ে বিভিন্ন প্রশ্ন তোলেন দিল্লি হাইকোর্ট। এ অধিকার ঠিক কোন কোন বিষয়কে সুরক্ষা দেয়, তা স্পষ্ট করতে প্রাসঙ্গিক বিচারবিভাগীয় রায়, আইনি গবেষণাপত্র ও অন্যান্য নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এসব নথি পর্যালোচনা করে এ বিষয়ে বিস্তারিত আদেশ দেওয়া হবে বলে জানানো হয়েছে। মামলাটির পরবর্তী শুনানি আগামী ২৯ অক্টোবর।

বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরবের এজলাসে মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়। কৃতি শ্যাননের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী প্রবীণ আনন্দ। শুনানির শুরুতে বিচারপতি জানতে চান, ব্যক্তিত্বের অধিকারের আওতায় ঠিক কোন কোন বিষয় অন্তর্ভুক্ত করা যায়। এ অধিকারের আইনি সীমা ও পরিধি সম্পর্কেও বিস্তারিত ব্যাখ্যা চান তিনি।

এ সময় কৃতির আইনজীবীকে প্রাসঙ্গিক বিচারবিভাগীয় রায়, গবেষণাপত্রসহ প্রয়োজনীয় আইনি নথির সংকলন জমা দিতে বলা হয়। পাশাপাশি ব্যক্তিত্বের অধিকার সম্পর্কে তাঁর নিজস্ব আইনি ব্যাখ্যাও আদালতের সামনে তুলে ধরার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, কৃতি শ্যাননকে সর্বশেষ দেখা গেছে ‘ককটেল ২’ সিনেমায়। গত ১৯ জুন মুক্তি পাওয়া সিনেমাটি দর্শক ও সমালোচকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সিনেমাটির গল্প নিয়েও সমালোচনা হয়েছে। এতে কৃতির সঙ্গে অভিনয় করেছেন শহীদ কাপুর ও রাশমিকা মান্দানা।

আরও পড়ুন