সোমবার ২১ সেপ্টেম্বর, ২০২৬

চীন-জার্মানি-ব্রাজিলে নতুন ৩ কনস্যুলেট স্থাপনের সিদ্ধান্ত

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - China-Germany-Brazil flags
ছবি: সংগৃহীত

চীনের গুয়াংজো, জার্মানির ফ্রাঙ্কফুর্ট এবং ব্রাজিলের সাও পাওলো শহরে নতুন তিনটি কনস্যুলেট জেনারেল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার, প্রবাসী বাংলাদেশিদের সেবা বৃদ্ধি এবং বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

গত ৩১ আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীতি ও সংগঠন শাখা থেকে দেওয়া এক চিঠিতে নতুন তিনটি কনস্যুলেট স্থাপনের সিদ্ধান্তের কথা জানানো হয়।

নতুন কনস্যুলেটগুলোর জন্য প্রয়োজনীয় জনবল, নতুন পদ, যানবাহন এবং অন্যান্য অফিস সরঞ্জাম সাংগঠনিক কাঠামোয় অন্তর্ভুক্ত করতে অর্থ মন্ত্রণালয়ের কাছে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে প্রয়োজনীয় অনুমোদন জনপ্রশাসন মন্ত্রণালয় দিয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, চীনের গুয়াংজো, জার্মানির ফ্রাঙ্কফুর্ট ও ব্রাজিলের সাও পাওলো বাংলাদেশের কূটনৈতিক, বাণিজ্যিক ও কনস্যুলার স্বার্থের দিক থেকে গুরুত্বপূর্ণ শহর।

বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় এসব শহরে যথাযথ কূটনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করার মাধ্যমে জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং দেশের ভাবমূর্তি আরও সুদৃঢ় করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।

এ ছাড়া তিন শহরে কনস্যুলেট জেনারেল স্থাপনের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোর কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও কার্যকর করার পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

নতুন কনস্যুলেটগুলোর অন্যতম লক্ষ্য হবে সংশ্লিষ্ট দেশগুলোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রয়োজনীয় কনস্যুলার সেবা আরও সহজলভ্য করা। পাশাপাশি বাংলাদেশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের জন্য যোগাযোগ ও সহযোগিতার সুযোগ সম্প্রসারণেও এসব মিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন