
কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে প্রায় ৭৪ লাখ ২০ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের শাড়ি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২১ সেপ্টেম্বর) ভোররাত ২টা ৪০ মিনিটের দিকে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধীন আমানগন্ডা বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব শাড়ি আটক করে।
বিজিবি সূত্রে জানা যায়, মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে আমানগন্ডা বিওপির টহল দল সীমান্তের ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চৌদ্দগ্রামের সোনাপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিভিন্ন ধরনের ভারতীয় শাড়ি আটক করা হয়।
আটক করা শাড়িগুলোর আনুমানিক মূল্য ৭৪ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তসীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আটক মালামালের বিষয়ে বিধি অনুযায়ী পরবর্তী আইনগত কার্যক্রম নেওয়া হবে।










