রবিবার ২৩ আগস্ট, ২০২৬

চান্দিনায় জসনে জুলুছে ধর্মপ্রাণ মানুষের ঢল, ঐক্যের আহ্বান

ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি

চান্দিনায় জসনে জুলুছে ধর্মপ্রাণ মানুষের ঢল, ঐক্যের আহ্বান/ছবি: প্রতিনিধি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে কুমিল্লার চান্দিনায় জসনে জুলুছ, তাৎপর্যপূর্ণ আলোচনা সভা ও বিভিন্ন ধর্মীয় কর্মসূচি মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী রাজাপুরা দরবার শরীফের আধ্যাত্মিক সংগঠন হোসাইনীয়া কমিটি বাংলাদেশ, চান্দিনা উপজেলা শাখার ব্যবস্থাপনায় আয়োজিত এই আযিমুশ শান কর্মসূচিতে সর্বস্তরের বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।

রবিবার (২৩ আগস্ট ) সকালে মোকামবাড়ি কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে জুলুছটি শুরু হয়। হাজারো সুন্নি জনতার সুমধুর দরুদ ও সালামে মুখরিত হয়ে শোভাযাত্রাটি চান্দিনা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় উপজেলা মাঠে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে মহানবী (সা.)-এর পবিত্র জীবনী ও ঈদে মিলাদুন্নবীর গুরুত্ব নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হোসাইনীয়া কমিটি চান্দিনা উপজেলা শাখার আহ্বায়ক আলহাজ্ব মো. আব্দুল কাদের সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজাপুরা দরবার শরীফের পীর আল্লামা শাহ মোহাম্মদ নাদিমুর রশিদ আল ক্বাদেরী (মা.জি.আ.)।

তিনি তাঁর বক্তব্যে বলেন, মানবজাতির প্রকৃত কল্যাণ নিহিত রয়েছে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুমহান জীবন ও আদর্শ অনুসরণের মধ্যে। মুসলিম সমাজের অভ্যন্তরীণ ছোটখাটো বিভেদ ভুলে ইসলামের বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি শান্তি, সম্প্রীতি ও নৈতিক সমাজ গঠনে রসূলের শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসাইনীয়া কমিটির কেন্দ্রীয় নেতা আলহাজ্ব ডা. আব্দুল বারী সরকার, মাওলানা আক্তারুজ্জামান হেলালী, স্থানীয় বিএনপি নেতা মাস্টার মো. ফজলুল ছাত্তার, সাবেক কমিশনার কামাল হোসাইন, শাহজাহান সরকার এবং যুব কমিটির কেন্দ্রীয় সহ-সভাপতি মুফতি সালাহ উদ্দিন ক্বাদেরীসহ অপরাপর রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ।

বক্তারা তাঁদের বক্তব্যে মহানবী (সা.)-এর প্রদর্শিত পথে চলে ব্যক্তিগত ও সামাজিক জীবনে নৈতিক অবক্ষয় দূর করার পরামর্শ দেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভালোবাসায় সিক্ত এই আয়োজনটি দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়।

আরও পড়ুন