মঙ্গলবার ৮ সেপ্টেম্বর, ২০২৬

চাঁদপুর শহরে নিম্নমানের শিশু খাদ্যসহ নানা অনিয়মে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Three establishments fined in Chandpur town for various irregularities
চাঁদপুর শহরে নিম্নমানের শিশু খাদ্যসহ নানা অনিয়মে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা/ছবি: সংগৃহীত

চাঁদপুর শহরের পুরান বাজারে অভিযান চালিয়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন খাদ্যপণ্য সংরক্ষণ এবং অনুমোদনহীন শিশু খাদ্য বিক্রির অপরাধে তিন প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে শহরের পুরান বাজারের ট্রাঙ্ক পট্টি ও সুতা পট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে গাজী স্টোর, রিয়াদ স্টোর ও ইব্রাহিম স্টোরকে ১০ হাজার টাকা করে, মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ জরিমানার আদেশ দেন।

জানা গেছে, অভিযানের সময় প্রতিষ্ঠানগুলোতে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন খাদ্যপণ্য এবং অনুমোদনহীন নিম্নমানের শিশু খাদ্য পাওয়া যায়। পরে এসব মেয়াদবিহীন ও অনুমোদনহীন শিশু খাদ্য ধ্বংস করা হয়।

জরিমানার অর্থ প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় পরিশোধ করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করেন।

অভিযানের অংশ হিসেবে বাজারের অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয়। এ সময় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ ও খাদ্যপণ্যের মান সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

অভিযানে পুরান বাজার পুলিশ ফাঁড়ির একটি দল সার্বিক সহযোগিতা করে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষা, বাজারে অনিয়ম প্রতিরোধ এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন