মঙ্গলবার ২ জুন, ২০২৬

চাঁদপুর-লক্ষ্মীপুরসহ তাপপ্রবাহে পুড়ছে ৪০ জেলা, কুমিল্লায় ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - heat wave - rain
ছবি: রাইজিং কুমিল্লা সম্পাদিত

চাঁদপুর-লক্ষ্মীপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে কয়েকদিন ধরে বৃষ্টির দেখা না থাকায় তীব্র গরমে নাজেহাল জনজীবন। প্রখর রোদ ও উচ্চ তাপমাত্রার কারণে ঘর-বাইরে কোথাও স্বস্তি মিলছে না। তবে এই পরিস্থিতির মধ্যেই গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুমিল্লায়, যার পরিমাণ ৫৪ মিলিমিটার।

মঙ্গলবার (২ জুন) সকালে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে ঢাকাসহ দেশের প্রায় ৪০ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। একই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনায়, ৩৮ ডিগ্রি সেলসিয়াস।

প্রচণ্ড গরমে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষ। তীব্র রোদে মানুষের চলাচল কমে যাওয়ায় তাদের আয়ও কমে গেছে। এতে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। গরমে শুধু মানুষই নয়, প্রাণিকুলও হাঁসফাঁস করছে।

আবহাওয়া অফিস জানায়, চাঁদপুর, লক্ষ্মীপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ ও ময়মনসিংহ জেলাসহ রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আগামী ৭২ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

তবে দেশের অধিকাংশ এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আরও পড়ুন