বুধবার ১৫ জুলাই, ২০২৬

চাঁদপুরে মধ্যরাতের ডাকাতি, প্রাণ গেল গৃহবধূর

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla -Dead body
প্রতীকি ছবি/সংগৃহীত

চাঁদপুরের শাহরাস্তি পৌর এলাকায় একটি বাড়িতে ডাকাতির ঘটনায় রিগান আক্তার মিম (২৬) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। একই ঘটনায় ডাকাতদের হামলায় আহত হয়েছেন পরিবারের আরেক গৃহবধূ সুমাইয়া আক্তার (২৪)।

মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় বাড়িতে দুই গৃহবধূ, পরিবারের এক প্রবীণ সদস্য এবং তিনটি শিশু অবস্থান করছিলেন। গভীর রাতে মুখোশ পরা দুই ব্যক্তি ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্রের মুখে সুমাইয়া আক্তার ও তার তিন মাস বয়সী সন্তানকে জিম্মি করে স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র দাবি করে।

আহত সুমাইয়া আক্তার জানান, ডাকাতদের আলমারিতে থাকা স্বর্ণালংকারের কথা জানালে তারা তার হাত ওড়না দিয়ে বেঁধে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। এরপর তার কানের দুল, আলমারিতে থাকা আরেক জোড়া দুল ও একটি আংটি লুট করে পাশের কক্ষে চলে যায়। সেখান থেকে বড় জায়ের কান্নার শব্দ শুনলেও হাত বাঁধা থাকায় তিনি কোনো সহায়তা করতে পারেননি।

পরিবারের প্রবীণ সদস্য নুরুল ইসলাম জানান, রাতে বাড়ির প্রধান ফটকে তালা লাগিয়ে সবাই ঘুমিয়ে পড়েছিলেন। চিৎকার শুনে উঠে দেখেন, ফটক ভেতর থেকে আটকানো থাকলেও তালাটি নেই। পরে বাড়ির বাইরে অক্ষত অবস্থায় তালাটি পাওয়া যায়, যা ঘটনাটিকে আরও রহস্যজনক করে তুলেছে।

প্রতিবেশী আনোয়ার হোসেন বলেন, মিমের চিৎকার শুনে তিনি ঘটনাস্থলে ছুটে যান। ঘরের ভেতর ধস্তাধস্তির শব্দ পেয়ে স্থানীয়দের ডাকেন এবং মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। পরে বাড়ির পূর্ব পাশের একটি জানালা খোলা দেখতে পান স্থানীয়রা। চেয়ারম্যান, যিনি নিহতের দাদা শ্বশুর, গেট খুলে দিলে সবাই ঘরে প্রবেশ করেন। এ সময় সুমাইয়াকে হাত বাঁধা অবস্থায় এবং মিমকে মেঝেতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তার গলায় ওড়না পেঁচানো ছিল। স্থানীয় চিকিৎসক তাকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে শাহরাস্তি থানা পুলিশ ও কচুয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেন। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

কচুয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী জানান, ঘটনার রহস্য উদ্‌ঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন