
চাঁদপুরের কচুয়া উপজেলায় বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৪৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (৬ মে) দুপুরে উপজেলার সাচার বাজারে এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
অভিযানকালে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সেবা গ্রহণ করায় সাচার হলি কেয়ার ডিজিটাল মেডিকেল সেন্টার-এর মালিককে ১০ হাজার টাকা এবং একই অপরাধে ডায়মন্ড হসপিটাল এন্ড ল্যাব-এর মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ফিজিসিয়ান স্যাম্পল বিক্রির দায়ে গোপাল মেডিকেল হল ও মল্লিক ফার্মেসী-এর মালিককে পৃথকভাবে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
অন্যদিকে, মূল্য তালিকা প্রদর্শন না করায় ঢাকা এশিয়ান রেস্টুরেন্ট-এর মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনাকালে জেলা স্যানেটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।








