শনিবার ২৭ জুন, ২০২৬

চাঁদপুরে ফুটবল খেলার পর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল স্কুলছাত্রের

নিজস্ব প্রতিবেদক

প্রতীকি ছবি/সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে চাঁদপুরের এক স্কুলছাত্র। খেলা শেষে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ রাহাত (১১)।

শুক্রবার (২৬ জুন) দুপুর ১টার দিকে চাঁদপুর শহরের পুরান বাজার এলাকার ডাকাতিয়া নদীর পাঁচ নম্বর ঘাট সংলগ্ন তফাদার রাইস মিল এলাকার নদী থেকে নিখোঁজ হওয়ার প্রায় এক ঘণ্টা পর স্থানীয় যুবকদের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাহাত মালয়েশিয়া প্রবাসী হুমায়ূন পাটোয়ারীর তিন ছেলের মধ্যে মেজো। সে পুরান বাজার ২ নম্বর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। পরিবারের সঙ্গে মধুসূদন স্কুল মাঠসংলগ্ন মানিক লস্করের বাড়িতে ভাড়া থাকত।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বন্ধুদের সঙ্গে মাঠে ফুটবল খেলার পর কয়েকজন কিশোর একসঙ্গে ডাকাতিয়া নদীতে গোসল করতে যায়। সাঁতার না জানা রাহাত গোসলের একপর্যায়ে গভীর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়।

পরে স্থানীয় যুবক মামুনসহ কয়েকজন নদীতে নেমে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর রাহাতকে উদ্ধার করেন। এ সময় ফায়ার সার্ভিসের ডুবুরিরাও উদ্ধার অভিযানে অংশ নেয়। পরে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন