
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ উপলক্ষে চাঁদপুরে প্রতীকী ম্যারাথনের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চাঁদপুর সরকারি কলেজ শাখা।
বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাস থেকে ম্যারাথনটি শুরু হয়ে বাইতুল আমিন, মিশন রোড ঘুরে পুনরায় কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়।
আয়োজকদের দাবি, তিন দশমিক ছয় কিলোমিটার দীর্ঘ এ প্রতীকী দৌড় প্রতিযোগিতায় কলেজ শিবিরসহ বিভিন্ন শাখার প্রায় ৫০০ প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতা শেষে ১০ জনকে বিজয়ী ঘোষণা করা হয় এবং পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া এবং চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী ৪ আগস্টের বিভিন্ন ঘটনার প্রসঙ্গ তুলে বলেন, সারাদেশে যে চিত্র দেখা গেছে তা পরিকল্পিত বলে তিনি মনে করেন। তিনি দাবি করেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে জুলাইয়ের স্মৃতি মানুষের মন থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে।
তিনি আরও বলেন, বহু প্রাণের বিনিময়, ত্যাগ ও নির্যাতন সহ্য করে দেশ থেকে ফ্যাসিবাদকে বিতাড়িত করা হয়েছে। জুলাই আন্দোলনের সময় বিভিন্ন স্লোগান উচ্চারিত হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।
সরকারের নিয়োগ প্রক্রিয়া প্রসঙ্গে তিনি অভিযোগ করে বলেন, বর্তমান সরকার মেধার পরিবর্তে নিজস্ব কোটায় লোকজনকে পদায়ন করছে। তিনি দাবি করেন, যে জাতি মেধার যথাযথ মূল্যায়ন করবে না, সে জাতি কখনো উন্নতি করতে পারবে না।
চাঁদপুর শহর ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং চাঁদপুর সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি আজমীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির গবেষণা সম্পাদক ফখরুল ইসলাম।
ম্যারাথন শেষে কলেজ ক্যাম্পাসে বিজয়ীদের হাতে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা পুরস্কার তুলে দেন।









