
চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ২২ হাজার ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লাখ টাকা বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার সকালে চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নুরুল্লাপুর এলাকায় মতলব-বাবুরহাট-পেন্নাই সড়কসংলগ্ন আবুল হাশেমের বাড়িতে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। ওই বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন মাদক কারবারি ফারহান রানা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফারহান রানার ভাড়া করা ঘরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘরের খাটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে একই ঘরে থাকা একটি মোটরসাইকেলের ভেতর থেকে আরও ১২০ পিস ইয়াবা পাওয়া যায়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান বলেন, অভিযানের বিষয়টি টের পেয়ে মূলহোতা ফারহান রানা পালিয়ে যায়। তাকে ও তার সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









