
২০২৭ সাল থেকে দেশের চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির শিক্ষা কার্যক্রমে চারটি নতুন বিষয় যুক্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, চতুর্থ শ্রেণিতে ‘খেলাধুলা’ ও ‘বাংলাদেশের সংস্কৃতি’ এবং ষষ্ঠ শ্রেণিতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও ‘আমার কারিগরি শিক্ষা’—এই চারটি নতুন বই যুক্ত করা হবে।
তিনি বলেন, “আমরা শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী হিসেবে গড়ে তুলতে চাই। কারিগরি নির্ভর শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করতে চাই।”
মন্ত্রী জানান, ২০২৮ সাল থেকে প্রয়োজন অনুযায়ী শিক্ষা কার্যক্রমে পরিবর্তন ও পরিমার্জন করা হবে। শিক্ষার্থীদের প্রয়োজন বিবেচনায় ভবিষ্যতে আরও নতুন বই যুক্ত করা হতে পারে বলেও জানান তিনি।
তিনি বলেন, “আমরা আগামী দিনে এমন একটি প্রজন্ম তৈরি করতে চাই, যে প্রজন্ম আগামীর বাংলাদেশ তৈরি করবে এবং বাংলাদেশকে সত্যিকার অর্থে নেতৃত্ব দেবে। সে লক্ষ্যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষায় সর্বোচ্চ বাজেট বরাদ্দ করেছেন।”
শিক্ষামন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। একই সঙ্গে শিক্ষার পাশাপাশি খেলাধুলাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
কলেজে ভর্তি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
শিক্ষার্থীদের কলেজে ভর্তি প্রসঙ্গে আ ন ম এহছানুল হক মিলন বলেন, কলেজে ভর্তির জন্য যে নির্দেশিকা দেওয়া হয়েছিল, সেই অনুযায়ী যারা আবেদন করেছে তারা ভর্তি হয়েছে। এরপরও বিভিন্ন কলেজে আসন খালি রয়েছে।
তিনি বলেন, এ বছর প্রকাশিত ফলাফল কলেজগুলোর মোট আসন সংখ্যার তুলনায় অনেক কম হওয়ায় কিছুটা বিড়ম্বনা তৈরি হয়েছে।
জ্বালানি সংকট নিয়ে যা বললেন মাহ্দী আমিন
অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে দেশে গ্যাস ও তেলের দাম অনেকাংশে বেড়েছে। তবে আশপাশের দেশগুলোর তুলনায় বাংলাদেশে ডিজেলের দাম এখনো অনেকটাই কম।
তিনি বলেন, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে সর্বোচ্চ ভর্তুকি দিয়ে জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হচ্ছে। সরকার বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
মাহ্দী আমিন বলেন, বর্তমান সংকট বৈশ্বিক। জনগণের ওপর যতটা কম চাপ দিয়ে যৌক্তিকভাবে এ সমস্যার সমাধান করা যায়, সরকার সে লক্ষ্যেই কাজ করছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন এমপি।










