সোমবার ২৯ জুন, ২০২৬

চাঁদপুরে কয়েক ঘণ্টার ব্যবধানে নিভে গেল দুই সহোদর ভাইয়ের জীবন

নিজস্ব প্রতিবেদক

RisingCumilla - Two brothers lost their lives within a span of a few hours in Chandpur.
ছবি: সংগৃহীত

চাঁদপুরের হাজীগঞ্জে কয়েক ঘণ্টার ব্যবধানে একই পরিবারের দুই সহোদর ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বড় ভাইকে দাফনের শোক কাটতে না কাটতেই ছোট ভাইয়ের মৃত্যুর খবরে স্বজন ও প্রতিবেশীদের মাঝে নেমে আসে গভীর শোক।

রোববার (২৮ জুন) হাজীগঞ্জ পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের রান্ধুনীমুড়া এলাকার শুকু কমিশনারের বাড়ির বাসিন্দা শাহিন (৪৫) মারা যান। তিনি পেশায় একজন মাছ ব্যবসায়ী ছিলেন। জোহরের নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

স্বজনদের শোক তখনও কাটেনি। এরই মধ্যে একই দিন রাত ১০টা ৫০ মিনিটে মারা যান শাহিনের ছোট ভাই আলমগীর হোসেন (৪০)। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। সেদিন রাতেই তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

স্থানীয় বাসিন্দা মো. জসিম উদ্দিন জনি চৌধুরী বলেন, একই দিনে একই পরিবারের দুই সহোদর ভাইকে হারানোর মতো এমন মর্মান্তিক ঘটনা খুবই বিরল। তাদের মৃত্যুতে শুধু পরিবার নয়, পুরো এলাকাজুড়েই শোকের ছায়া নেমে এসেছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই সহোদর ভাইয়ের মৃত্যুর খবর তিনি পেয়েছেন এবং ঘটনাটি সত্য।

একই দিনে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যুতে রান্ধুনীমুড়া এলাকায় শোকের আবহ বিরাজ করছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ।

আরও পড়ুন