
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ জানুয়ারি) দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে জেলা আনসার ও ভিডিপির উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনসার ও ভিডিপির কুমিল্লা রেঞ্জ কমান্ডার মোহাম্মদ মাহবুবুর রহমান।
জেলা আনসার ও ভিডিপি কর্তৃপক্ষ জানায়, চাঁদপুর জেলার মোট ৭০৬টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের জন্য ৯ হাজার ১৭৮ জন আনসার সদস্য মোতায়েন করা হবে। প্রতিটি ভোটকেন্দ্রে মোট ১৩ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে তিনজন করে অস্ত্রধারী আনসার সদস্য নিয়োজিত থাকবেন।
সমাবেশে বক্তব্যে রেঞ্জ কমান্ডার মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে তিনজন করে অস্ত্রধারী আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। তাদের মধ্যে একজন সদস্য প্রিজাইডিং অফিসারের নিরাপত্তার দায়িত্বে থাকবেন। ভোটকেন্দ্রে শৃঙ্খলা রক্ষা, জালভোট প্রতিরোধ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলাই আনসার সদস্যদের প্রধান দায়িত্ব।
তিনি আরও জানান, এবার দীর্ঘ যাচাই-বাছাই শেষে ডিজিটাল অ্যাপস পদ্ধতির মাধ্যমে আনসার সদস্যদের নির্বাচন করা হয়েছে। প্রথমবারের মতো সদস্যদের ডিজিটাল তথ্য ডাটা ব্যাজে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি সফটওয়্যারভিত্তিক ব্যবস্থার মাধ্যমে কোনো ভোটকেন্দ্রে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে অ্যাপসের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার সুযোগ থাকবে।
দায়িত্ব পালনকারী আনসার সদস্যরা আগামী আট দিনের জন্য প্রতিদিন এক হাজার টাকা করে সম্মানী পাবেন বলেও জানান তিনি। যাতায়াত ভাতাসহ সব অর্থ সরাসরি সদস্যদের নিজ নিজ বিকাশ অ্যাকাউন্টে প্রদান করা হবে এবং কোনো ধরনের মধ্যস্বত্বভোগী থাকবে না।
সমাবেশে নির্বাচনকালীন সময়ে সমন্বিতভাবে কাজ করার লক্ষ্যে আনসার সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও প্রস্তুতি প্রদান করা হয়। বক্তব্য শেষে কুমিল্লা রেঞ্জ কমান্ডার সমাবেশস্থল পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর আনসার ও ভিডিপির জেলা কমান্ডার মু. ফজলে রাব্বি, আনসার ও ভিডিপির কর্মকর্তা-কর্মচারীরা।








