বুধবার ৫ আগস্ট, ২০২৬

ক্যাম্পাসগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করছে ছাত্রদল: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Nahid Islam
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম অভিযোগ করে বলেছেন, ছাত্রদল দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও আধিপত্য বিস্তারের চেষ্টা করছে এবং ক্যাম্পাসগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করছে।

মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর আফতাবনগরের সিরাজ কনভেনশন সেন্টারে জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় ছাত্রশক্তি সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত ‘ফ্রম রেজিস্ট্যান্স টু ভিক্টরি: লেগ্যাসি অব জুলাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

নাহিদ ইসলাম বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে। হল দখলের পাঁয়তারা চলছে। ক্যাম্পাস নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারের চেষ্টা শুরু হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ প্রতিনিধি ও ছাত্রশক্তির নেতৃত্বের ওপর হামলা হয়েছে। ঢাকা কলেজ, ঢাকা আলিয়া মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে ছাত্রদল ও তাদের সন্ত্রাসী বাহিনী।

তিনি আরও অভিযোগ করেন, হবিগঞ্জে এনসিপির এক কর্মী আলিফের ওপর হামলা চালিয়ে তার চোখ নষ্ট করা হয়েছে।

সরকারকে উদ্দেশ করে নাহিদ ইসলাম বলেন, ছাত্রদের সঙ্গে কোনো ঝামেলায় জড়াবেন না। শিক্ষার্থীদের নির্বিঘ্নে পড়াশোনা করতে দিন। শিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখুন এবং কর্মসংস্থানের ব্যবস্থা করুন।

তিনি দাবি করেন, ক্ষমতার অপব্যবহার ও দখলদারিত্বের রাজনীতি শেষ পর্যন্ত নেতিবাচক পরিণতি ডেকে আনে।

প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অবদানের কথা তুলে ধরে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, জুলাই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছিলেন। প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছিল গণঅভ্যুত্থানের একটি গুরুত্বপূর্ণ শক্তি। দমন-পীড়নের পর যখন অনেকেই আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে সংশয়ে ছিলেন, তখন এসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তিনি বলেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদানের যথাযথ স্বীকৃতি ও নথিভুক্তি প্রয়োজন। তবে বর্তমান সরকার এ বিষয়ে কোনো কার্যকর উদ্যোগ নেয়নি বলেও অভিযোগ করেন তিনি।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্যসচিব রাফে সালমান রিফাত, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান, সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

আরও পড়ুন