শনিবার ২ মে, ২০২৬

কৃষি কার্ডে উৎপাদনের পরিমাণের নির্দেশনা থাকবে: কৃষিমন্ত্রী

রাইজিং কুমিল্লা ডেস্ক

কৃষি কার্ডে উৎপাদনের পরিমাণের নির্দেশনা থাকবে: কৃষিমন্ত্রী/ছবি: সংগৃহীত

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, বাজারের চাহিদা অনুযায়ী কৃষক যেন উৎপাদন করতে পারেন, সে লক্ষ্যেই কৃষি কার্ড চালু করা হচ্ছে। কৃষি কার্ডে প্রয়োজনীয় নির্দেশনা থাকবে, যা অনুসরণ করে কৃষকরা উৎপাদনের পরিমাণ নির্ধারণ করতে পারবেন।

মন্ত্রী বলেন, অনেক সময় অতিরিক্ত উৎপাদনের কারণে কৃষকরা লোকসানের মুখে পড়েন। বাজারে চাহিদা না থাকলে ফসলের দাম কমে যায়। আবার উৎপাদন কম হলে দাম বেড়ে গিয়ে ভোক্তারা ক্ষতিগ্রস্ত হন। এই ভারসাম্য রক্ষায় সরকার ‘কৃষি কার্ড’ ও ‘ফ্যামিলি কার্ড’ চালু করছে।

শনিবার (২ মে) দুপুরে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ বিতর্ক পরিষদের আয়োজিত আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

এ সময় মন্ত্রী জানান, দেশের সব ডিপ ও স্যালো টিউবওয়েল পর্যায়ক্রমে সৌরশক্তির আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এতে ডিজেলের ওপর নির্ভরতা কমবে এবং কৃষকদের উৎপাদন ব্যয় উল্লেখযোগ্যভাবে কমে আসবে। এ প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যয় সরকার বহন করবে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ আবুল বাশার ভূঁইয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান।

এর আগে মন্ত্রী কলেজের চারটি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত রম্য বিতর্ক প্রতিযোগিতা উপভোগ করেন।

আরও পড়ুন