রবিবার ২৩ আগস্ট, ২০২৬

কৃষক কার্ড চালুতে ২৬ আগস্টের মধ্যে তথ্য সংগ্রহের নির্দেশ

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Farmer Card
ছবি: সংগৃহীত

বিএনপি সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে ‘কৃষক কার্ড’ চালুর লক্ষ্যে দেশব্যাপী কৃষক ও সার ডিলারদের তথ্য সংগ্রহ, যাচাই ও হালনাগাদের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)।

সম্প্রতি ডিএইর মহাপরিচালক মো. আব্দুর রহিমের সই করা এক চিঠিতে দেশের সব উপজেলা কৃষি কর্মকর্তাকে এ কার্যক্রম সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, কৃষক কার্ড প্রদানের অংশ হিসেবে সংশ্লিষ্ট ব্লকগুলোতে কৃষকদের তথ্য সংগ্রহ অব্যাহত রাখতে হবে। সংগৃহীত তথ্য নিয়মিত যাচাই ও অনুমোদনের পাশাপাশি তথ্যের সঠিকতা ও পূর্ণতা নিশ্চিত করতে হবে।

এ ছাড়া বিদ্যমান অ্যাপের মাধ্যমে সার ডিলারদের তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে। প্রথম পর্যায়ে দুটি ব্লকের তথ্য সংগ্রহ সম্পন্ন হয়েছে। বাকি দুটি ব্লকের তথ্য ২৩ আগস্টের মধ্যে সংগ্রহ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

ডিএই জানিয়েছে, আগামী ২৬ আগস্টের মধ্যে অবশিষ্ট সব ব্লকের কৃষক ও সার ডিলারদের তথ্য সংগ্রহ সম্পন্ন করতে হবে।

চিঠিতে আপাতত শুধু বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ডিলারদের তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি প্রতিটি ইউনিয়নের আওতাধীন সব বিদ্যমান ব্লকের নাম সিস্টেমে সংযুক্ত করতে বলা হয়েছে। কোনো ব্লক যাতে বাদ না পড়ে, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করা হয়েছে। একই সঙ্গে প্রতিটি ব্লকের আওতাধীন সব মৌজা ও গ্রামের তথ্য যথাযথভাবে সংশ্লিষ্ট ব্লকের সঙ্গে যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

ডিএইর নির্দেশনায় তথ্য সংগ্রহ, যাচাই ও অনুমোদনের প্রতিটি ধাপে নির্ভুলতা ও পূর্ণতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। কৃষক কার্ড কার্যক্রমের অংশ হিসেবে কৃষক ও সার ডিলারদের তথ্য সংগ্রহ, যাচাই ও হালনাগাদের কাজ নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার কথাও বলা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম শেষ করে তথ্যভান্ডার সঠিক ও হালনাগাদ রাখার নির্দেশ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

আরও পড়ুন