
কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি একটি বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ দূতাবাস, কুয়েত।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশটির আকাশপথ পুনরায় চালু হওয়ায় বাংলাদেশি নাগরিকদের সৌদি আরব হয়ে বিভিন্ন গন্তব্যে ভ্রমণের জন্য আগে চালু থাকা বিশেষ এন্ট্রি পারমিট সুবিধা শুক্রবার (১ মে) থেকে আর কার্যকর থাকবে না।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুয়েতে বসবাসরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিকের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কুয়েত সরকার দেশটির আকাশপথ পুনরায় উন্মুক্ত করেছে। এর ফলে বিভিন্ন এয়ারলাইনস সরাসরি কুয়েত থেকে বিভিন্ন গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা কার্যক্রম শুরু করেছে।
এতে আরও বলা হয়, এমন অবস্থায় বর্তমানে কুয়েত থেকে সরাসরি ফ্লাইটে বিভিন্ন গন্তব্যে যাতায়াতের সুযোগ সৃষ্টি হয়েছে। তাই ১ মে থেকে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস কর্তৃক সৌদি আরব হয়ে যাতায়াতের জন্য সৌদি এন্ট্রি পারমিটের ব্যবস্থা সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ থাকবে।
তবে দূতাবাসে আবেদন করে ইতোপূর্বে যারা এন্ট্রি পারমিট পেয়েছেন, তারা নির্ধারিত তারিখে সৌদি আরব হয়ে বিভিন্ন গন্তব্যে যেতে পারবেন।







